ক্রিকেটপ্রেমীদের জন্য আসছে আরও এক রোমাঞ্চকর ভারত-পাকিস্তান লড়াই। ‘হংকং সিক্সেস’ টুর্নামেন্টে আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কুং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই বহুল প্রতীক্ষিত ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেবে বিশ্বের ১২টি দল। প্রতিটি দলে থাকবে ৬ জন ক্রিকেটার, আর টুর্নামেন্ট চলবে টানা তিন দিন।
ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন দেশটির সাবেক উইকেটকিপার-ব্যাটার দিনেশ কার্তিক। তার সঙ্গে দলে আছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নেতৃত্ব পাওয়ার পর কার্তিক বলেন, ‘হংকং সিক্সেসের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেওয়া আমার জন্য বিশাল সম্মান। আমরা নির্ভীক ও বিনোদনমূলক ক্রিকেট খেলব, সেটাই লক্ষ্য।’
অন্যদিকে, পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন তরুণ পেসার আব্বাস আফ্রিদি। দলে রয়েছেন খাজা মোহাম্মদ নাফায়, আব্দুল সামাদ ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ শেহজাদ। তবে সব ছাপিয়ে ফের আলোচনায় ভারত-পাকিস্তান ম্যাচ। আন্তর্জাতিক পর্যায়ে এখন তারা সৌজন্য বিনিময় করছেন না, ‘হংকং সিক্সেস’ টুর্নামেন্টে কি করবেন?
টুর্নামেন্টের গ্রুপ:
পুল–এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা
পুল–বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত
পুল–সি: ভারত, পাকিস্তান, কুয়েত
পুল–ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা