সিইপিজেডে প্যাসিফিক জিন্সের ৮ কারখানা খুলবে কাল

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় শ্রমিক বিক্ষোভ ও অস্থিরতার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা প্যাসিফিক গ্রুপের ৮টি পোশাক কারখানা পুনরায় খুলে দেওয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে উৎপাদন কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কর্তৃপক্ষ এক নোটিশে এ ঘোষণা দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রাম এর এস পি আবদুল্লাহ আল মাহমুদ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ এর দ্বারা ১২(১) অনুযায়ী বিগত ১৬ অক্টোবর হতে কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বর্তমানে সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় আগামী ২৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে কর্তৃপক্ষ কারখানা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সকল কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকগণকে নির্ধারিত তারিখ ও সময় নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে কর্মস্থলে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় নির্বিঘ্নভাবে পরিচালনায় সহায়তা করার জন্য আহ্বান করা হলো।

উল্লেখ্য, শিল্প পুলিশের দায়ের করা একটি মামলাকে ইস্যু করে গত ১৪ অক্টোবর থেকে আন্দোলনে নামে প্যাসিফিক জিন্স গ্রুপের শ্রমিকেরা। পরবর্তীতে বেপজা ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও পরবর্তীতে কতিপয় আন্দোলনকারী শ্রমিক কারখানাগুলোতে ঢুকে তাদের কাজে বাধা দেয় এবং আন্দোলনে নামতে বাধ্য করে।
এ নিয়ে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। কারখানাগুলো হলো প্যাসিফিক জিন্স লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড (ইউনিট-২), প্যাসিফিক অ্যাটায়ার্স লিমিটেড, প্যাসিফিক এক্সেসরিজ লিমিটেড, এনএইচটি ফ্যাশনস লিমিটেড, জিন্স ২০০০ লিমিটেড, ইউনিভার্সেল জিন্স লিমিটেড এবং প্যাসিফিক ওয়ার্কওয়্যার্স লিমিটেড।