হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি শেয়ার করে এমনটা নিজেই জানিয়েছেন তিনি। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন চিত্রাঙ্গদা। হাতে ড্রিপ লাগানো। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘খুব শীঘ্রই খরগোশের মতো দৌড়াব, এমন আশাই করছি।’
তবে ঠিক কী কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তা প্রকাশ করেননি বলিউডের লাস্যময়ী এ অভিনেত্রী। সম্প্রতি চিত্রাঙ্গদা ব্যস্ত ছিলেন সালমান খানের ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমা নিয়ে। ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে তাকে। ছবিতে বিভিন্ন লড়াইয়ের দৃশ্য রয়েছে। এমনকি লাদাখের এমন কিছু জায়গায় ছবির শুটিং হয়েছে যেগুলো খুবই দুর্গম। সেসব জায়গার তাপমাত্রাও খুব নিচের দিকে থাকে।
তাই অনুরাগীদের প্রশ্ন, এই ছবির শুটিং করতে গিয়েই অসুস্থ হলেন চিত্রাঙ্গদা। যদিও তার সঠিক তথ্য এখনো মেলেনি।