সম্প্রতি লিওনেল মেসি বাহিনীর ভারত আগমনের খবর নিশ্চিত হয়ে গেছে। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তরা তাদের প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সুযোগ হারালেন। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২–এ এফসি গোয়ার বিপক্ষে খেলতে ইতোমধ্যেই ভারতে এসেছে সৌদি ক্লাব আল নাসর। আজ ২২ অক্টোবর ভারতের গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কিন্তু দলের সঙ্গে আসেননি রোনালদো।
সৌদি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রোনালদোর আল নাসরের সঙ্গে করা চুক্তিতে একটি বিশেষ ধারা আছে, যার আওতায় তিনি সৌদি আরবের বাইরে অনুষ্ঠিত ম্যাচ থেকে বিশ্রাম নিতে পারেন। এই বিধানের কারণেই তিনি ভারত সফর থেকে নাম প্রত্যাহার করেছেন। ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা বর্তমানে ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। তাই শারীরিক চাপ কমাতে তিনি বেছে বেছে ম্যাচ খেলছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল নাসরের কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, ‘সবাই ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভালোবাসে, তার অসংখ্য ভক্ত রয়েছে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সৌদি আরবের বাইরে ম্যাচ খেললে তাকে বিশ্রাম দেওয়া হবে। সবাই তাকে দেখতে চায়, কিন্তু দল হিসেবে আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হয়। তাই আমরা তাকে রিয়াদে রেখে দিয়েছি, যেন সে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে পারে।’
ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের কারণেই সাম্প্রতিক দুটি এএফসি ম্যাচেও রোনালদোকে দেখা যায়নি। অবশ্য রোনালদো না থাকলেও আল নাসর তাদের আগের দুই ম্যাচেই জয় পেয়েছে। তাদের পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল। এফসি গোয়া এবং আল নাসর একই গ্রুপে থাকায় তারা হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে। এর একটি গোয়ায় অনুষ্ঠিত হলেও অন্যটি হবে রিয়াদে। ধারণা করা হচ্ছে, রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে রোনালদো খেলতে পারেন।