হাতিয়ায় দুই টন ইলিশ জব্দ, ৪৬ জেলে আটক

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। এ সময় ৫টি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় দুই টন মা ইলিশ। উপজেলা মৎস্য অফিস ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।  

গতকাল মঙ্গলবার বিকেলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জব্দকৃত দুই টন মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) হাতিয়ার বঙ্গোপসাগরের ভাসানচরের পাশে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে হাতিয়া নৌ-পুলিশের একটি দল। 

অভিযান সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগর থেকে আসা ৫টি ট্রলারে থাকা জেলেরা বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় মাছ ধরছে। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে সোমবার রাত থেকে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে ভাসানচর এলাকায় মাছ ধরা অবস্থায় ৫টি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ট্রলারগুলো থেকে দুই টন ইলিশ মাছ জব্দ করা হয়। 

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। পরে আটককৃত জেলেদের মধ্যে ৪১ জনকে দুই হাজার টাকা করে ৮২ হাজার টাকা অর্থদণ্ড ও পাঁচজনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।  

প্রসঙ্গত: তিন অক্টোবর রাত বারোটা থেকে ২৫ অক্টোবর রাত বারোটা পর্যন্ত সরকার ইলিশ ধরা, বিক্রি, পরিবহন মজুতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল বা জরিমানা এবং উভয় দণ্ডই হতে পারে। 

অভিযানের নেতৃত্ব দানকারী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সময় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে এ অভিযান অব্যাহত থাকবে।