অধিপত্যবাদের নয়া দোসরের আবির্ভাব ঘটেছে। নয়া ও পুরাতন দোসরদের সমন্বয়ে চক্রান্ত আলোর মুখ দেখবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট বাজারের বাঘাইতলা সড়কের মোড়ে এক পথসভায় তিনি একথা বলেন।
এর আগে তিনি উত্তরবাজারের টানা ব্রিজ থেকে শহীদ মিনার হয়ে বাঘাইতলা সড়কে গণসংযোগকালে রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।
পথসভায় এমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমান অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এমন একটা সমাজ গড়ে তুলবে যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করতে পারবে।
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু বাংলাদেশের জনগণের মধ্যেই আলোড়ন সৃষ্টি করেনি, অন্যান্য দেশেরও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তারেক রহমান নির্বাচনে বিজয়ী হয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে এবং জনকল্যাণে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ণ করবে। প্রান্তিক কৃষকের জন্য ফার্মার্স কার্ড, প্রতি পরিবারকে সহযোগিতা করতে সেই পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ড, শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা, সরকার গঠনের ১৮ মাসের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থান, সকলের জন্য চিকিৎসা, বিনা চিকিৎসায় মৃত্যু নয়সহ জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তাজিকুল ইসলামের সঞ্চালনায় পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান স্বাধীন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবির হোসেন অন্তর প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে হালুয়াঘাটে শিক্ষার্থীদের জন্য নিজ অর্থায়নে বিশুদ্ধ পানির ফিল্টার মেশিন স্থাপন করেছেন তিনি। এ সময় তিনি কলেজের ছাত্র-ছাত্রীদের চাহিদা অনুযায়ী বিশুদ্ধ পানির জন্য একটি বৈদ্যুতিক ফিল্টার মেশিন মেশিন এবং মিলনায়তনের জন্য ফ্যান প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাদের নানা প্রশ্নের উত্তর দেন। কলেজের বিভিন্ন সমস্যা, হালুয়াঘাটের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে চান তিনি।
পরে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি তাদের সমস্যা ও দাবিদাওয়া শোনেন এবং সমাধানে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে।
ছাত্রদের সঙ্গে মুক্ত আলোচনায় বিএনপির এই যুগ্ম মহাসচিব সাম্প্রতিক এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশা প্রকাশ করে শিক্ষার্থীদের পাঠে মনোনিবেশের আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে হলে অধ্যবসায়, নৈতিকতা ও যোগ্যতার বিকল্প নেই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে রাজনীতি, ধর্ম, সংস্কৃতি, সাহিত্য, মানবিক মূল্যবোধ ও অন্যান্য ভাষা বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক দিকগুলো গ্রহণ ও নেতিবাচক দিকগুলো পরিহারের আহ্বান জানান।
আলোকিত হালুয়াঘাট গঠনের নিজের প্রত্যয়ের কথা উল্লেখ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অবহেলিত হালুয়াঘাটের দুঃখ মোচন করে এটিকে একটি আলোকিত, উন্নত ও সচেতন অঞ্চলে পরিণত করতে হবে। আলোকিত হালুয়াঘাটের জন্য আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।
বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, হালুয়াঘাটে কর্মসংস্থান সৃষ্টি করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার ধর, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, কলেজ ছাত্রদলের সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক সায়েম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।