নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা চোর আটক নিয়ে সংঘর্ষের সময় নিহত ইমনের বাবার করা মামলায় দুই আসামিকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পিবিআই।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর থানার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আল মাহাবুব (৩৭) ও তার বাবা দিল মোহাম্মদকে (৬৫) গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ অক্টোবর) আসামিদের আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান।
পিবিআই জানায়, ঘটনাটি ঘটে গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে আড়াইহাজারের মারুয়াদী বাজার এলাকায়। স্থানীয়রা অটোরিকশা চুরির অভিযোগে এক যুবক এমরানকে আটক করে। খবর পেয়ে সিরাজ মিয়া তার দুই ছেলে ইমন (২৪) ও ফয়সালকে নিয়ে ঘটনাস্থলে গেলে এমরানকে ছাড়িয়ে নিতে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইমন গুরুতর আহত হন এবং দুদিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আড়াইহাজার থানায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পিবিআই নারায়ণগঞ্জকে দেওয়া হয়। মামলায় ১০ জনকে আসামি করা হয়। আটককৃত বাবা-ছেলে আড়াইহাজার মারুয়াদী এলাকার বাসিন্দা।
পিবিআই’র উপ-পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন জানান, গোপনে তথ্য ও প্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান জানান, গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হলে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়।