টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ফের বেড়েছে। বুধবার ( ২২ অক্টোবর) সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে ডলারের বিক্রয়মূল্য ছিল সর্বোচ্চ ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সা। যা গত সপ্তাহে ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, আমদানি এলসি খোলার সংখ্যা বেড়ে যাওয়াসহ কয়েকটি কারণে সম্প্রতি ডলারের দাম বাড়ছে।
বুধবার সোনালী ব্যাংকে এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৬০ পয়সা। ক্রয়মূল্য ছিল ১২১ টাকা ৬০ পয়সা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। ক্রয়মূল্য ছিল ১২১ টাকা ৭৫ পয়সা। এছাড়া অন্যান্য ব্যাংকগুলোতে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য ওঠানামা করে ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সায়।
ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা আন্তঃব্যাংক বিনিময় হারকে প্রভাবিত করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,বুধবার আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ২৫ পয়সা, যা গতকাল ছিল ১২২ টাকা।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। আর চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।