তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪০

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবিতে ৪০ জন মারা গেছেন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের বহনকারী নৌকা ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (২২ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থা জানায়, সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৪০ জন অভিবাসী তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মারা গেছেন। বুধবারের এই দুর্ঘটনাটি এ বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা বলে জানান দেশটির এক কর্মকর্তা।

প্রসঙ্গত, তিউনিসিয়া এখন ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে ভালো জীবনের সন্ধানে ইউরোপে পৌঁছাতে চাওয়া এসব মানুষের জন্য দেশটি সাম্প্রতিক বছরগুলোতে প্রধান ট্রানজিট পথ হয়ে উঠেছে।