মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইয়াবা ও গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২২ অক্টোবর) রাতে জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা মনিপাড়া গ্রামের একটি টিনের ঘরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. দেলোয়ার মুন্সী (৪৩), মো. রুবেল (৩০), মো. জুয়েল শেখ (৩৫), মো. রিয়াজুল (৩২), শাওন (১৯), মো. জাহিদ (১৯), আ: আহাদ (১৯), মো. সেরজাহান ওরফে মিজান (২৫), মো. শরীফ হোসেন (২২) ও মো. ফরহাদ শেখ (১৯)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম গোয়ালীমান্দ্রা মনিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ির একটি দোচালা টিনের ঘরের কক্ষে অবস্থানরত ১০ জনকে গ্রেপ্তার করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কক্ষের ভেতর তল্লাসি চালিয়ে ২ কেজি গাঁজা ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় জেলার লৌহজং থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।