চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আনোয়ারা থানায় সংবাদ সম্মেলন করে এ তথা জানান সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ। এর আগে বুধবার রাত পৌনে ২টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডাকাতরা হলেন- মো. সাকিব ওরফে শাকিল (২১), মোহাম্মদ নেছার (২২), সাইফুল ইসলাম (৩৫), শাহাদত হোসেন (২২), আরিফুল ইসলাম ওরফে বাবু (২৫), মোহাম্মদ হাবিব (২৩) ও রাজিব চৌধুরী (২১)। তারা সবাই আনোয়ারা ও পটিয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
সহকারী পুলিশ সুপার জানান, উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে ২০-২৫ জনের একটি ডাকাতদল অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সূত্রে এমন তথ্য পেয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে একটি এলজি, একটি তাজা কার্তুজ, একটি পাইপগান সদৃশ অস্ত্র, একটি লোহার দেশীয় অস্ত্র, দুইটি জম্বি বেসবল ব্যাট, একটি বেসবল ব্যাট, একটি তলোয়ার, পাঁচটি বড় রামদা ও একটি কুড়াল উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়ার পরপরই আমরা অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অধিকাংশ সদস্য পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে ৭ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।