চট্টগ্রামের বাঁশখালী কাথরিয়ায় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে চাচাত ভাইয়ের ইটের আঘাতে রিপু আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সলার বাড়িতে আপন চাচাতো ভাইয়ের ইটের আঘাতে নিহত হয়েছে বলে জানা যায়।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের লস্কর পাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী রিপু আক্তার গত মঙ্গলবার তার বাবার বাড়ি কাথরিয়ায় বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে তার পরিবারের সঙ্গে জায়গা জমি বিরোধের জের ধরে স্থানীয় শাহাব মিয়ার পুত্র ফরিদ আহমদ ও তার ছেলে মো. শহিদুল্লাহর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ইটের আঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়। নিহত রিপু আক্তার এক কন্যা সন্তানের জননী।
নিহত রিপু আক্তারের ভাইয়ের স্ত্রী হাছিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে আমাদের পরিবারের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে ফরিদ আহমদ ও তার ছেলে শহিদ মিলে রিপু আক্তারকে মারধর ও ইট দিয়ে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. হামিদা আক্তার বলেন, কাথরিয়া এলাকায় মারামারির ঘটনায় রিপু আক্তার নামে এক গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে। তার গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রিপু আক্তারের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে বলে তিনি জানান।