বিনা উইকেটে ১৭৬ থেকে বাংলাদেশ ৫০ ওভারে ২৯৬/৮

মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারের ২৫ ওভারে ১৭৬ রানের জুটি গড়ে তুলেছিল। ধারণা করা হয়েছিল সংগ্রহটা ৩৫০ রানের কাছাকাছি পৌছাবে। ৪০ ওভারে ৩ উইকেটে ২৩১ রান করার পরও সেই স্কোরটা হয়নি। ২৫২ থেকে ৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলায়  তিনশোও পেরোতে পারেনি বাংলাদেশ। 

টস জিতে ব্যাট করতে নেমে প্রায় আড়াই বছর পর ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি জুটি উপহার দিয়েছিলেন সাইফ ও সৌম্য। সেটাকে মিরপুরে এই ফরম্যাটে ১০ বছর আগে তামিম-ইমরুলের সর্বোচ্চ উদ্বোধনী জুটির স্কোর ১৪৭কে পার করেন একসময়। জুটিটা থামে সাইফ হাসান আউট হলে। ২৬তম ওভারের দ্বিতীয় বলে রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের ক্যাচ দেন ৭২ বলে ৬ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৮০ রান করা সাইফ। 

১৪

বাংলাদেশে ইনিংসে ছক্বা। যা ওয়ানডেতে বাংলাদেশের যৌথ সর্বোচ্চ। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ৩য় ওয়ানডেতেও ১৪টি ছক্কা ছিল বাংলাদেশের ইনিংসে। এছাড়া মিরপুরে ওয়ানডেতে এক ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এর আগে দুবার ১০টি করে ছক্কা ছিল মিরপুরে।

ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি থেকে ৯ রান দূরে আউট হয়েছেন সৌম্য সরকার। ২৯তম ওভারের প্রথম বলে হাকাতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়েছেন তিনি। ৮৬ বলে ৪ ছক্কায় ৯১ রান করেছেন সৌম্য। ১৮১ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।

ক্রিজে আজ বেশ স্ট্রাগল করেছেন তাওহীদ হৃদয়; ৪৪ বলে করেছেন মাত্র ২২

দুই সেট ব্যাটসম্যান অল্প সময়ের মধ্যে আউট হয়ে যাওয়ার নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় নতুন করে জুটি গড়তে গিয়ে সময় নিয়েছেন বেশি খানিকটা। প্রায় ১২ ওভারে ৫০ রান তোলার পর আথানেজের বলে আউট হয়ে গেলে মিনি ধসের সূচনা হয়। আকিল হোসেনের এক ওভারে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ৪৬তম ওভারের প্রথম বলে মাহিদুল ইসলামকে বোল্ড করেছেন আকিল হোসেন। হাঁকাতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন ১০ বলে ৬ রান করা ব্যাটসম্যান। তিন বল পর রিশাদ আকিলকে ছক্কা মারতে গিয়ে পিয়েরের ক্যাচ হন। আজ ৬ বলে ৩ রান করেছেন এই হার্ড হিটিং ব্যাটসম্যান। ওভারের শেষ বলে অগাস্টের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন নাসুম আহমেদও। ৪৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাড়ায় ২৬১/৭। 

একটু পিছিয়ে ব্যাট করতে নামা নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ মিলে শেষ বলে ২৪ বলে মাত্র ৩৫ রান করতে পেরেছেন। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সৌম্য ৯১, সাইফ ৮০, নাজমুল ৪৪, হৃদয় ২৮, মিরাজ ১৭, সোহান ১৬*; আকিল ৪/৪১, অ্যাথানেজ ২/৩৭, চেজ ১/৫৩, মোতি ১/৫৩)।