বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের দুই ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে এ তালা ঝুলিয়ে দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর থাকে ব্রজমোহন কলেজ। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু গত ২৪ বছর ধরে এই কলেজে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে বাকসু কোনো ভূমিকা রাখতে পারছে না।

তাদের অভিযোগ, নির্বাচনের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন তারা।

এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। শিক্ষকদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। এখন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।”