ভারতকে হারিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েছে ২ উইকেটে। ভারতের ২৬৪ রানের জবাবে স্বাগতিকরা ম্যাচ জেতে ২২ বল হাতে রেখে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। পার্থে প্রথম ওয়ানডে তারা জিতেছিল ৭ উইকেটে।

একটা সময় মনে হচ্ছিলো সহজেই ম্যাচ জিতবে অস্ট্রেলিয়া। দলীয় ১৮৭ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। ম্যাথু শট ফেরেন ৭৪ রান করে। তবে ৪০ ওভারের পর ম্যাচে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ভারত। মিচেল ওয়েন (৩৬), জাভিয়ের বার্ল্টলেট (৩) ও মিচেল স্টার্ক (৪) ফিরলে কিছুটা শঙ্কা জাগে অস্ট্রেলিয়ার হারের।

তবে একপ্রান্ত আগলে ছিলেন কুপার কোনোলি। ক্যারিয়ারসেরা ইনিংস খেলে দলকে জয় এনে দেন। ৫৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। এটি তার ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিও।

এছাড়া ম্যাট রেনসো ৩০ ও ট্রাভিস হেডের ২৮ রান অজিদের ম্যাচে রাখে। ২টি করে উইকেট নেন আর্শদিপ সিং, হার্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।

আগে ব্যাট করতে নামা ভারত লড়াইয়ের পুঁজি পায় রোহিত শর্মা (৭৩), শ্রেয়াস আইয়ার (৬১) ও অক্ষর প্যাটেলের (৪৪) ব্যাটে ভর করে। রানা ২৪ রানে অপরাজিত থেকে স্কোরটা আড়াইশো পার করেন। কোহলি টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন।

৬০ রানে ৪ উইকেট অ্যাডাম জাম্পা। তিনিই হন ম্যাচসেরা।