জাতীয় পার্টির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধিদল।

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হয় তারা।

বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দেশের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

জাতীয় পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। এ সময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন ও উপদেষ্টা  মেজর (অব.) মো. মাহফুজুর রহমান।

অন্যদিকে আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস। প্রতিনিধি দলে আরও ছিলেন কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শক ডারিন বিয়েলেকি, অমিতাভ ঘোষ ও সাইদা মুশরেফা জাহান।

এ সময় জাতীয় পার্টির নেতারা দলের কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতীয় পার্টিকে নির্বিঘ্নে সভা-সমাবেশ করার সুযোগ দেওয়া এবং জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে দলীয়মুক্ত করার ব্যাপারে আলোচনা করেন।