আমরা প্রস্তুত না থাকলে বিপদ আসতে পারে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বিমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল, সেগুলোকে ধ্বংস করে চূড়ান্তভাবে লুটপাট করে নিয়ে গেছে। এর মানে তারা আমাদের পঙ্গু করার চেষ্টা করেছে; বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে—এটি যদি আমরা সত্যি ধরে নিই, তাহলে সেটাও ভুল হবে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, নির্বাচনের দাবি তো এদেশের মানুষই করে। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের মতো বিভিন্ন পেশার মানুষ তাদের অধিকার চায় এবং ভোট দিতে চায়। বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান গত ষোল বছর ধরে মানুষের সঙ্গে থেকে রাস্তায় আন্দোলন করেছেন। আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় ১০ বছর সাজা দেওয়া হয়েছিল। তিনি দীর্ঘদিন (প্রায় ছয় বছর) আটকাবস্থায় ছিলেন এবং পর্যাপ্ত চিকিৎসাসেবা সরবরাহ করা হয়নি; আল্লাহ তাকে রক্ষা করেছেন।

এমন একটি দলকে আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত এবং মানুষের কথায় বিশ্বাস করে, যারা কথা দিলে তা রক্ষা করে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী দিন যদি আমরা প্রস্তুত না থাকি, আমাদের বিপদ আসতে পারে। আমাদের দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে শপথবদ্ধ হতে হবে যে ফ্যাসিস্টরা—যারা হত্যাকারী ও গণহত্যাকারী—তারা যেন কখনো ফেরত আসতে না পারে; সেটাই আমাদের লক্ষ্য হবে। আমি মনে করি, এ ছাড়া কোনো পথ নেই।

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন পিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, শাহা নেচারুল হক, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহা আব্দুল্লাহ আল বাকি, পাঠাগারবিষয়ক সম্পাদক আব্দুর রাজি, কৃষকদল নেতা শফিকুল ইসলাম সবুজ প্রমুখ।