নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের নির্মাণাধীন ৫ম তলা থেকে পড়ে গিয়ে মো. রিপন মিয়া (৪৫) নামে এক রাজমিস্ত্রী ঠিকাদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহরের নতুন কোর্ট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. রিপন মিয়া ভোলার লালমোহন এলাকার মোস্তফা কবিরাজের ছেলে। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে শহরের দেওভোগ এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহত রিপন মিয়ার ছোট ভাই ইমাম হোসেন বলেন, আমার ভাই অনেকদিন ধরেই রাজমিস্ত্রী ঠিকাদার হিসেবে কাজ করে আসছেন। এদিন আইনজীবী সমিতির ভবনের ৫ম তলায় কাজ শুরু হয়।
কাজের শুরুতেই আমার ভাই মিনিক্রেন দিয়ে ৫ম তলায় মালামাল উঠানো পরীক্ষা করে দেখছিলেন। ক্রেন চালু করার সাথে সাথেই কম্পন সৃষ্টি হয়। সেই কম্পনে নিজে ধরে রাখতে না পেরে নিচে পড়ে যান। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিলা হারুন বলেন, হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, দুপুরের নামাজের সময় শুনি উপড় থেকে একজন নিচে পড়ে গেছে। এরপর নিচে গিয়ে দেখি কান্টাক্টর পড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।