নাম পরিবর্তন করেছে জুলাই অভ্যুত্থানকে ভিত্তি করে গড়ে ওঠা ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। নতুন নাম ‘জাতীয় ছাত্রশক্তি’। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন হিসেবে ছাত্ররাজনীতি করতে এমন পদক্ষেপ সংগঠনটির। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত সংগঠনের জাতীয় বার্ষিক সভায় নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আসে।
এ সময় সংগঠনটির নতুন নাম ঘোষণা করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য ও জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেমন্তী। নাম পরিবর্তনের ঘোষণাকে স্বাগত জানিয়ে নতুন নামে সেøাগানও দিয়েছেন সংগঠনটির নেতারা।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্রে জাতি খুশি হতে পারেনি, এটা একপাক্ষিক। শুধু জুলাই সনদের আইনি ভিত্তি হলেই এনসিপি স্বাক্ষর করবে। স্বাক্ষরের পর রাজনৈতিক দল দুই ভাগ হয়ে গেছে। জুলাই সনদে স্বাক্ষর হবে তখন, যখন পথরেখা তৈরি হবে। জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হলেই এনসিপি তাতে যাবে।
আওয়ামী লীগ বিদেশে বসে ষড়যন্ত্র করছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, কেউ কেউ তাদের পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের আর ফেরার সুযোগ নেই, তারা সন্ত্রাসী সংগঠন। শিগগিরই ছাত্রশক্তির কমিটি প্রকাশ করা হবে বলে জানান ছাত্রশক্তির (সাবেক বাগছাস) নেতারা।
বাগছাসের ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার বলেন, যেহেতু বাগছাস এবং এনসিপি জুলাই অভ্যুত্থানকে ভিত্তি করে গড়ে উঠেছে, উভয় সংগঠনের আদর্শ এক, তাই এনসিপির অঙ্গসংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে নাম পরিবর্তন করেছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এনসিপির অন্যান্য অঙ্গসংগঠনের নামের সঙ্গে তাই মিল রেখে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামকরণ করা হয়েছে। শিগগিরই নতুন কমিটিও ঘোষণা করা হবে।