ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জন্য জমি কেনার সময় ৪৫ কোটি টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বাধীন একটি দল।
দুদকের তথ্যমতে, নজরুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান থাকাকালে কোম্পানির জন্য রাজধানীর তোপখানা রোডে ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ও বিল্ডিং ২০৭ কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকায় কেনা হয়।
ওই জমি ও বিল্ডিং কেনাবেচার সময় ফারইস্ট ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলাম অন্যদের সঙ্গে পরস্পর যোগসাজশ করে জালিয়াতির মাধ্যমে ৪৫ কোটি টাকা স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেন।
এসব টাকার মধ্যে তিনি নিজের ও স্ত্রী তাসলিমা ইসলামের নামে ১৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় চলতি বছরের ৩১ জুলাই ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জেলা আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।