তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের পরিপ্রেক্ষিতে উদ্ভূত আপিলের ওপর গতকাল বৃহস্পতিবার তৃতীয় কার্যদিবসে শুনানি হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সাত বিচারকের আপিল বিভাগে এ শুনানি হয়।
এদিন আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন আইনজীবী এহসান এ সিদ্দিক। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আদালত আগামী মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে করা রিভিউ (রায় পুনর্বিচেনা) আবেদনের ওপর গত ২৭ আগস্ট শুনানি শুরু হয়। ওইদিন শুনানিকালে আপিলের অনুমতি মঞ্জুর করে আপিল শুনানি, নাকি রিভিউর ওপর শুনানি নিয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এমন প্রসঙ্গ ওঠে।
সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্য প্রধান বিচারপতি আপিলের অনুমতি দিয়ে ২১ অক্টোবর শুনানির দিন ধার্য করে।