‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ এ সেøাগান সামনে রেখে কক্সবাজারে ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজারে ঘোড়াসহ অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেশের প্রাণিকুল নিয়ে কাজ করা এ সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তিনি।
গতকাল বৃহস্পতিবার সংগঠনটির একটি দল কক্সবাজারের কলাতলীসহ সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা করেছে। এমন সেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এ ছাড়া, আজ ও আগামীকালও এ সেবা দেবে সংগঠনটি। এ কার্যক্রমে একটি বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসক দলও অংশ নিয়েছে।
আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি এসব কার্যক্রমের ধারাবাহিকতায় সংস্থাটি এবার সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারে বিশেষ উদ্যোগ নিয়েছে।