ইসলামি ডিজিটাল ব্যাংক খুলতে চায় আকিজ রিসোর্স

শরিয়াহভিত্তিক ডিজিটাল ব্যাংক খুলতে চায় আকিজ রিসোর্স। ইসলামি ধারার ব্যাংকগুলোর হারানো গ্রাহক টানার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঋণ পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি। অনুমোদন পেলে ব্যাংকটির নাম হবে ‘মুনাফা ডিজিটাল ব্যাংক’। এতে অংশীদার হিসেবে যুক্ত থাকবে ডিজিটাল ব্যাংকে অভিজ্ঞ বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠান।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের লিংক রোডের আকিজ হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। এতে আরও বক্তব্য দেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ফিরোজ কবির, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন ও আকিজ আই-বিওএসের সিইও এসকে মো. জায়েদ বিন রশিদ।