যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য আলোচনায় নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কানাডার সঙ্গে সকল বাণিজ্য আলোচনাকে আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছেন, কানাডা সরকার সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে যেখানে প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের শুল্ক নীতিকে কেন্দ্র করে বক্তব্য তুলে ধরা হয়েছে।

ট্রাম্প বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘তাদের এই আচরণের পরিপ্রেক্ষিতে কানাডার সঙ্গে সকল বাণিজ্য আলোচনাকে আপাতত বন্ধ ঘোষণা করা হলো।’

এর আগে, ট্রাম্প সরকার ইতোমধ্যেই কানাডা থেকে আমদানিকৃত পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে ইউএস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট (ইউএসএমসিএ) চুক্তির আওতায় কিছু পণ্যের জন্য ছাড় রাখা হয়েছে। এছাড়া ধাতুতে ৫০ শতাংশ এবং গাড়িতে ২৫ শতাংশ খাতভিত্তিক শুল্কও আরোপ করা হয়েছে। শপথ গ্রহণের পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা অব্যাহত রয়েছে।

কানাডার ওন্টারিও সরকার গত সপ্তাহে এক মিনিটের একটি বিজ্ঞাপন প্রকাশ করে, যেখানে ১৯৮৭ সালের রিগানের জাতীয় রেডিও ভাষণ থেকে অংশটি দেখানো হয়। ওই ক্লিপে রিগান সতর্ক করেন, উচ্চ শুল্ক অল্প সময়ের জন্য মার্কিন কর্মসংস্থানকে রক্ষা করতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে এটি ভোক্তা, শ্রমিক ও অর্থনীতিকে ক্ষতি করবে এবং বাণিজ্য যুদ্ধের সূচনা করবে। বিজ্ঞাপনটিতে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং মার্কিন ও কানাডার পতাকাসহ ক্রেনের ছবি দেখানো হয়েছে।

ওন্টারিও প্রদেশের প্রধান ডগ ফোর্ড বিজ্ঞাপনের পক্ষে বলেন, ‘আমরা কখনও কানাডার ওপর মার্কিন শুল্কের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করা বন্ধ করব না।’

তবে রিগান ফাউন্ডেশন এই বিজ্ঞাপন সমালোচনা করে জানিয়েছে, এতে রিগানের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ফাউন্ডেশন আরও জানিয়েছে যে তারা সম্ভাব্য আইনি ব্যবস্থা নেওয়ার বিকল্পগুলো যাচাই করছে।

প্রচারণাটি ৭৫ মিলিয়ন কানাডিয়ান ডলারের বাজেটে তৈরি করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়।