মাত্র ৯০ দিনে পবিত্র কুরআন মুখস্থ করে চমকে দিয়েছে ময়মনসিংহের ত্রিশালের দশ বছরের শিশু মোহাম্মদ মাহাদী হাসান। দ্রুত সময়ে ৩০ পারা হিফজ সম্পন্ন করায় তার পরিবার, শিক্ষক ও স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
মাহাদী ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রাজিব আহমেদ ও শাপলা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান ও স্থানীয় ইল্ মূল কুরআন আদর্শ মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
হাফেজ মাহাদীর বাবা রাজিব আহমেদ জানান, ছোটবেলায় রাজিব আহমেদের ইচ্ছে ছিল কুরআনের হাফেজ হওয়া। কিন্তু নিজে সেই স্বপ্ন পূরণ করতে পারেনি। তাই ছেলে মাহাদীর মাধ্যমে তা বাস্তবায়িত হয়েছে। মাত্র ৯০ দিনে সম্পূর্ণ কুরআন হিফজ শেষ করায় তিনি গর্বিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদরাসার শিক্ষকদের প্রতি।
শিশু মাহাদী হাসান বলেন, আলহামদুলিল্লাহ, অল্প সময়ে হাফেজ হতে পেরে আমি খুব খুশি। আল্লাহর রহমত আর ওস্তাদদের সহায়তায় এটা সম্ভব হয়েছে। আমি বড় হয়ে একজন আলেম হতে চাই।
ইল মূল কোরআন আদর্শ মাদরাসার পরিচালক হাফেজ আবু সায়েম বলেন, আমরা আশা করি, ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ ও জাতির সুনাম বয়ে আনবে।