বাগেরহাটের মোরেলগঞ্জে গরুচোর সন্দেহে মতিয়ার রহমান (৪৫) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এ সময় পিটুনিতে আহত হয়েছেন আরও তিনজন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আজ শুক্রবার ভোরে মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মতিয়ার রহমান বাগেরহাট সদর উপজেলার চরগ্রামের রশিদ শেখের ছেলে।
আহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলা ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮), ফকিরহাটের চাকুলি গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) ও বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামের মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮)।
মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোষ চন্দ্র মন্ডল বলেন, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ছয় সাতজনের একটি দল মিনি পিকআপ নিয়ে বলভদ্রপুর গ্রামে এসে একটি গরুর গোয়ালের সামনে দাঁড়ায়। এ সময় বাড়ির লোকজনের গাড়ির শব্দে ঘুম ভেঙে যায়। গোয়ালের সামনে গাড়ি দেখে তাদের সন্দেহ হলে তারা চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন বেরিয়ে এসে তাদের ধাওয়া করে। গ্রামবাসীর ধাওয়া খেয়ে গাড়ি নিয়ে পালানোর সময় মিনিপিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গ্রামবাসী চারজনকে ধরে লাঠিসোটা ও হাত দিয়ে বেদম পিটুনি দেয়।
তিনি আরও বলেন, স্থানীয় গ্রামবাসী তাদের গরুচোর সন্দেহে পিটুনি দিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।