দুমকিতে পদত্যাগ করা শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে দলীয় পদ থেকে পদত্যাগের এক বছরেরও বেশি সময় পরও শ্রমিক লীগ নেতা পরিচয়ে মো. নজরুল ইসলাম সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে পায়রা পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. নজরুল ইসলাম সিকদার (৪০) উপজেলার লেবুখালী ইউনিয়নের তাহের উদ্দিন সিকদারের ছেলে।

গ্রেপ্তার নজরুল ইসলাম জানান, তিনি ২০২৪ সালের ১০ এপ্রিল উপজেলা শ্রমিক লীগের অর্থবিষয়ক সম্পাদক পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন এবং এরপর থেকে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন।

তার দাবি, পারিবারিক বিরোধের জেরে স্থানীয় একটি প্রভাবশালী মহল আওয়ামী লীগের নাম ব্যবহার করে পুলিশকে দিয়ে তাকে হয়রানি করছে।

নজরুলের পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ২০২২ সালে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।