হুমায়ূন কবির

নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে, দায়ী কিছু উপদেষ্টার আচরণ

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, বিএনপি সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের ম্যান্ডেট নিয়ে ধানের শীষের প্রতীকেই বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। তারেক রহমানের নেতৃত্বে দলটি রাষ্ট্রক্ষমতায় যাবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা বাড়ছে। কিছু দলের হস্তক্ষেপ ও কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণ মানুষকে আশ্বস্ত করছে না।

শুক্রবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হওয়ার বিষয়ে জিজ্ঞাসিত হলে হুমায়ূন কবির বলেন, মানুষের মধ্যে কিছু শঙ্কা থাকতেই পারে। কিছু দলের হস্তক্ষেপ ও কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণ মানুষকে আশ্বস্ত করছে না। তিনি জানান, এই বিষয়গুলো নিয়ে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির জন্য করণীয় বিষয়গুলো তাঁকে জানিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে-কার হাতে তারা দেশ দেখতে চায়। মানুষ আগ্রহ নিয়ে ভোট দিতে চায়। তারা মনে করছে, ১৭ বছর পর তারা তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে।

হুমায়ূন কবির স্পষ্ট করে বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি নির্বাচনে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ায় তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন।

মাজার জিয়ারতের সময় হুমায়ূন কবিরের সাথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হুমায়ূন কবিরকে দলীয় নেতাকর্মীরা ফুলেল সংবর্ধনা জানান।