চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ছয়দিন রাতের নির্দিষ্ট সময়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় একটি টিউব চালু রেখে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে যান চলাচল পরিচালনা করা হবে।
সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের স্বাক্ষরিত শুক্রবার (২৪ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়ে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজনে যানবাহনগুলোকে ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ বা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের মাধ্যমে বিকল্প পথে চলাচল করতে হবে। এ সময় ট্রাফিকের পরিমাণ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট অপেক্ষা করতে হতে পারে। তবে টানেলে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজ সুষ্ঠুভাবে শেষ করতে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে যাত্রী ও চালকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ তাদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে।