কালশীতে ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশী রোডে অবস্থিত ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রাত ১০টা ১৪ মিনিটের দিকে ভবনটির ছয়তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, “বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাতটি ইউনিট কাজ করেছে।”

তিনি জানান, ভবনের ছয়তলায় একটি গার্মেন্টস কারখানা ছিল, সেখানেই আগুনের উৎপত্তি। ভবনের দুই ও তিনতলায় ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টার অবস্থিত।

দোলন আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।