খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত লিটন ত্রিপুরাকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চাকমা সম্প্রদায়ের ওই শিক্ষিকা (২৯) এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বন্ধুর সঙ্গে আলুটিলা যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলে তাদের অনুসরণ করে এবং তারেং এলাকায় পৌঁছে পথরোধ করেন। একপর্যায়ে তিনি শিক্ষিকাকে পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
সঙ্গে থাকা বন্ধু কৌশলে পাশের সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেন।
মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি মো. তৌফিকুল ইসলাম জানান, ভিকটিম নিজে বাদী হয়ে লিটন ত্রিপুরার বিরুদ্ধে রাতে মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।