শারমীন এস মুরশিদ বললেন

আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা যদি ভাবতে হয়, তাহলে অবশ্যই ভাবতে হবে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা।

তিনি বলেন, ‘একটি সুস্থ ভ্রুণের জন্ম দিতে নিউট্রিশন এবং মেন্টাল হেলথকে এগিয়ে নিতে তরুণ সমাজকে দায়িত্বশীল হতে হবে।’

গতকাল শুক্রবার ঢাকায় আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের অডিটরিয়ামে আয়োজিত ন্যাশনাল নিউট্রিশন ও ওয়েলনেস সামিটবিষয়ক দুই দিনব্যাপী কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং সেরাক বাংলাদেশ সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম সৈকত বিশেষ অতিথির বক্তৃতা দেন।

অনুষ্ঠানে যুব সংগঠনের নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ফাতিন সাদাব লিয়ান, সাধারণ সম্পাদক মাসুম মুহাম্মদসহ, আনকোরা, মিশন গ্রিন বাংলাদেশ, হার্টওয়াইজ, নিউট্রিশন, নিউট্রিফিকেশন ও নিরাপদ অ্যালায়েন্সের সামাজিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ তরুণ কিশোর-কিশোরীদের উদ্দেশে বলেন, ‘ইসলাম আমাদের যে প্রথম শিক্ষা দেয় সেটা হলো সবাইকে নিয়ে চলা, সবাইকে সম্মান করা এবং সবাইকে গ্রহণ করা। সব ধর্মের মানুষকে নিয়েই আমার বাংলাদেশ।’ বিজ্ঞপ্তি