হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওরের একটি জলাশয় থেকে মানিক লাল দাশ (৭০) নামে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চরগাঁও এলাকার শৌলাগড় হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মানিক লাল দাশ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার রাতে স্থানীয় জেলেরা শৌলাগড় হাওরের জলাশয়ে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওর থেকে মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।