ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে চালানো এক ড্রোন হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার আব্বাস হাসান কার্কি নিহত হয়েছেন।
তিনি সংগঠনের দক্ষিণ ফ্রন্ট সদর দপ্তরের লজিস্টিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, ভোরের দিকে নাবাতিহ প্রদেশের তুল শহরের কাছে গাড়িতে থাকা অবস্থায় কার্কিকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়।
আইডিএফ দাবি করে, সাম্প্রতিক মাসগুলোতে কার্কি হিজবুল্লাহর যুদ্ধ সক্ষমতা পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছিলেন এবং সংঘাতকালে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে ভূমিকা রাখছিলেন।
এছাড়া তিনি দক্ষিণাঞ্চলে অস্ত্র পরিবহন ও সংরক্ষণের দায়িত্বেও ছিলেন। সেনাবাহিনীর দাবি, তাঁর এসব কর্মকাণ্ড ইসরাইল-লেবানন সীমান্ত চুক্তির পরিপন্থী।
অন্যদিকে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তুল এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।
তবে নিহতদের মধ্যে হিজবুল্লাহ কমান্ডার কার্কি আছেন কিনা, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে লেবাননে ইসরাইলের আক্রমণ শুরু হয়, যা ২০২৪ সালের সেপ্টেম্বর নাগাদ পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়।
সরকারি হিসাব অনুযায়ী, এই সংঘাতে অন্তত চার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় সতেরো হাজার এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় চৌদ্দ লাখ লেবানিস।
২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় দুই পক্ষ।
সেই চুক্তি অনুযায়ী চলতি বছরের জানুয়ারির মধ্যে ইসরাইলের সেনা দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহারের কথা থাকলেও এখনো তারা কয়েকটি সীমান্ত পোস্টে অবস্থান বজায় রেখেছে এবং প্রায় প্রতিদিনই সেখানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সূত্র: টাইমস অব ইসরাইল