আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে প্লে-অফের প্রথম ম্যাচে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল করেছেন মেসি, যার একটি আবার ডাইভিং হেডে। তার জোড়া গোলে ভর করে মায়ামি কনফারেন্স সেমিফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ম্যাচের ১৮তম মিনিটে আসে মায়ামির প্রথম গোল। মাঝমাঠে বল দখল করে নিজেই আক্রমণ সাজান মেসি। এরপর ডান দিক দিয়ে এগিয়ে যাওয়া লুইস সুয়ারেজের উদ্দেশে বল বাড়ান। উরুগুয়ান তারকা চমৎকার এক ক্রসে বল তুলে দেন বক্সের মাঝামাঝি জায়গায় ছুটে আসা মেসির উদ্দেশে। নির্ভুল ডাইভিং হেডে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এটি ছিল ইন্টার মায়ামির হয়ে মেসির ৮৩ ম্যাচে ৭২তম গোল।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন তারকা তাদেও আলেন্দে ব্যবধান ২-০ করেন। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান মেসি। প্রতিপক্ষ গোলরক্ষক জো উইলিস ও ডিফেন্ডার ওয়াকার জিমারম্যানের ভুলে সৃষ্ট গোলমুখে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন তিনি। শেষ মুহূর্তে হানি মুখতার ন্যাশভিলের হয়ে ফ্রি-কিক থেকে একটি সান্ত্বনামূলক গোল করেন। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
ম্যাচ শুরুর আগে মেসির হাতে তুলে দেওয়া হয় এমএলএস ২০২৪–২৫ মৌসুমের গোল্ডেন বুট ট্রফি। তিনি মৌসুমে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন, পেছনে ফেলেছেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনিস বুয়াঙ্গা ও ন্যাশভিলের স্যাম সুরিজকে (দুজনই ২৪ গোল)। ৩৮ বছর বয়সী মেসি এখন ইতিহাসের একমাত্র ফুটবলার, যিনি ইউরোপ (বার্সেলোনা ও পিএসজি) এবং যুক্তরাষ্ট্র (ইন্টার মায়ামি) — দুই মহাদেশেই লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
চলতি মৌসুমে এমএলএসে মেসি একের পর এক রেকর্ড ভেঙেছেন। তিনি প্রথম খেলোয়াড় যিনি এক মৌসুমে ১০ ম্যাচে একাধিক গোল করেছেন। এছাড়া মে থেকে জুলাইয়ের মধ্যে টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করার নজিরও গড়েছেন এই বিশ্বচ্যাম্পিয়ন। সব মিলিয়ে ২০২৫ মৌসুমে মেসি করেছেন ২৮ ম্যাচে ৪৮ গোল—এমএলএস ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে শুধুমাত্র ২০১৯ সালে কার্লোস ভেলা করেছিলেন ৩৪ গোল।