ঘোষণাটা আগেই এসেছিল, বাদ ছিল আনুষ্ঠানিকতা। এবার মেজর লিগ সকারে সর্বাধিক গোলের পুরস্কার ‘গোল্ডেন বুট’ হাতে পেলেন লিওনেল মেসি। গতকাল রাতে এমএলএস প্লে-অফে ন্যাশভিল এসসিকে ৩–১ ব্যবধানে হারানোর ম্যাচের আগে মেসির হাতে সেই গোল্ডেন বুট তুলে দেওয়া হয়। ম্যাচটিতে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন মেসি।
২০২৫ মৌসুমের এমএলএসে মেসি ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন। হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। ম্যাচের আগে তার হাতে গোল্ডেন বুট তুলে দেন এমএলএস কমিশনার ডন গারবার। এছাড়া একদিন আগেই মেসি ইন্টার মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি সাক্ষর করেন, যার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত।
গোল্ডেন বুট তুলে দেওয়ার পর কমিশনার ডন গারবার বলেন, ‘আমরা কখনও ভাবিনি লিওনেল মেসি এমএলএস, এই শহর ও ক্লাবের জন্য এতটা পরিবর্তন আনবেন। তিনি লিগের গতি ও মান সম্পূর্ণ বদলে দিয়েছেন। আরও তিন বছর তাকে এখানে পাওয়া এমএলএসের জন্য এক আশীর্বাদ। তিনি ফুটবলের সবচেয়ে বড় নাম। তার খেলার ধরন, মানসিকতা ও জয়ের ক্ষুধাই তাকে ইতিহাসের সেরা খেলোয়াড় বানিয়েছে।’
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি বদলে দিয়েছেন ক্লাবের ভাগ্য। তার আগমনের পর থেকেই মায়ামি জিতেছে লিগস কাপ (২০২৩) ও সাপোর্টার্স শিল্ড (২০২৪)। ক্লাবটির বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.২ বিলিয়ন ডলার। এই মৌসুমেও তিনি টুর্নামেন্টের এমভিপি হওয়ার পথে আছেন। এই মৌসুমে জিতলে তিনি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পরপর দুই মৌসুমে এমভিপি হওয়ার রেকর্ড গড়বেন।