যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক নতুন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস. পল কাপুর। বুধবার (২২ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
কাপুর যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলের জাতীয় নিরাপত্তাবিষয়ক বিভাগের অধ্যাপক ছিলেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটি থেকে ছুটিতে রয়েছেন।
এর আগে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনে ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেছেন এবং মার্কিন পররাষ্ট্র দফতরের নীতিনির্ধারণী পরিকল্পনা বিভাগেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ক্লেয়ারমন্ট ম্যাকেনা কলেজেও অধ্যাপনা করেছেন।
এস. পল কাপুর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও পরমাণু নীতি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি Jihad as Grand Strategy: Islamist Militancy, National Security, and the Pakistani State ও Dangerous Deterrent: Nuclear Weapons Proliferation and Conflict in South Asiaসহ একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থের লেখক।
কাপুর যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সংলাপসহ (Track 1.5 Dialogue) বিভিন্ন দ্বিপক্ষীয় নিরাপত্তা উদ্যোগ পরিচালনা করেছেন। তিনি ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ও অ্যামহার্স্ট কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।