আখতার হোসেন

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সই

জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ সনদে সই করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে দলটির সদস্য সচিব আখতার হোসেন এ কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে আখতার হোসেন বলেন, এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় তা ভেস্তে দিতে। জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়, সে বিষয়ে জোর দেয়ার তাগিদ দিয়েছি।

তিনি জুলাই সনদে স্বাক্ষরকে কেবল আনুষ্ঠানিকতা আখ্যা দিয়ে বলেন, সনদ বাস্তবায়নে আদেশের খসড়া এবং এর পরিধি জনগণকে জানাতে হবে। বিষয়গুলো স্পষ্ট করতে হবে। এসব দেখে স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এনসিপি।

সনদ বাস্তবায়ন আদেশের খসড়া বা টেক্সট না দেখা পর্যন্ত এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলেও জানান তিনি।

নির্বাচনী প্রতীক প্রসঙ্গে আখতার হোসেন বলেন, এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করতে চায়। এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি। তবে যেকোনো দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জোট গঠনের সম্ভাবনা থাকতে পারে।

জুলাই সনদ ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করতে শনিবার সকালে জাতীয় সংসদ ভবনে এনসিপির একটি প্রতিনিধি দল উপস্থিত হয়। দলে ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ ও কমিশনের অন্যান্য সদস্যরা।