রোহিঙ্গা ক্যাম্পে লাখ পিস ইয়াবাসহ আটক এক

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে এক লাখের বেশি ইয়াবা পিসসহ এক নারীকে আটক করেছে র‌্যাব ও ডিজিএফআই। শনিবার (২৫ অক্টোবর) ভোরে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১১ ব্লক থেকে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।

আটক দিল বাহার (৫০) ওই ক্যাম্পের মৃত মো. আইয়ুবের স্ত্রী।

র‌্যাব ১৫-এর কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ ম ফারুক জানান, শনিবার ভোরে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১১ ব্লকে জনৈক ব্যক্তির বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবর পায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। পরে ডিজিএফআইর সদস্যরা ও র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে তিনজন লোক পালিয়ে যায়। একপর্যায়ে ঘরটি তল্লাশি চালিয়ে ছোট তিনটি বস্তার ভেতর থেকে এক লাখ ১২ হাজার ৪৬৩টি ইয়াবা পাওয়া যায়। এসময় ঘর থাকা এক নারীকে আটক করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া মাদকের চালানটি অন্যত্রে পাচারের জন্য মজুদ করা হয়েছিল। আর আটক নারী সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।