মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী রীমা রানী সরকার (১৫) কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ভিকটিমের খালা শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম এবং তার স্বামী মোবারক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গত ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমীর দিন শ্রীমঙ্গলের আর কে মিশন রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনে অঞ্জলি দিতে গিয়ে নিখোঁজ হয় রীমা রানী। পরে কিশোরীর পিতা মতিলাল বিশ্বাস বাদী হয়ে কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি গ্রামের বদরুল আলমসহ তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন। মামলার পর থেকেই শ্রীমঙ্গল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
গত ৮ ও ১১ অক্টোবর মামলার দুই আসামি বদরুল আলম ও শহিদ মিয়াকে গ্রেপ্তার করলেও ভিকটিমের সন্ধান মেলেনি। পরে তদন্তে ভিকটিমের খালা প্রিয়াংকা সরকারের ব্যবহৃত মোবাইলের কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, রীমাকে সিলেটের দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর এলাকায় শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম ও তার স্বামী মোবারক মিয়া তাদের ভাড়া বাসায় আটকে রেখেছেন।
পুলিশ সূত্রে জানায়, প্রায় দুই বছর আগে শিল্পী সরকার প্রেমের সূত্রে ধর্মান্তরিত হয়ে মোবারক মিয়াকে বিয়ে করেন। ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি রীমাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে সিলেটে নিয়ে যান এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন।