নারায়ণগঞ্জে কদমরসুল সেতু নিয়ে ষড়যন্ত্র, এলাকাবাসীর হুঁশিয়ারি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিয়মান কদমরসুল সেতু নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বন্দরের সিএসডি গেট সংলগ্ন (সাবেক তালতলা প্রাইমারি স্কুল) এলাকায় বন্দর উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক হাফেজ কবির হোসাইনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল সুজন, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, বন্দর প্রেস ক্লাবের সেক্রেটারি  জাহিদ হোসেন, সাংবাদিক লতিফ রানা, সাব্বির আহমেদ সেন্টু, সাইফুল্লাহ মাহমুদ টিটুসহ আরো অনেকে। এ ছাড়া বিপুলসংখ্যক নেতাকর্মী সহকারে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও বন্দরবাসী উন্নয়ন বঞ্চিত। ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রতিদিন লক্ষাধিক বন্দরবাসীকে নদী পার হতে হয়। শীতলক্ষ্যা সেতুর নকশা ২০১৮ সালে অনুমোদন করা হলেও রেলওয়ের জমির অবৈধ দখলদার, ফুটপাতের দোকানদার ও একটি মহল শহরের যানজটের ইস্যুতে ষড়যন্ত্র করছে। বিদ্যমান নকশায় দ্রুত শীতলক্ষ্যা সেতুর কাজ বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।