বৈশ্বিক অর্থ পাচার পর্যবেক্ষক সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) আফ্রিকার চার দেশকে তাদের ‘ধূসর তালিকা’ থেকে বাদ দিয়েছে। দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, মোজাম্বিক ও বুরকিনা ফাসো।
ফ্রান্সভিত্তিক সংস্থাটি গত শুক্রবার (২৪ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানায়।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, অন-সাইট পরিদর্শনে সাফল্য এবং সময়ের মধ্যে ত্রুটি সংশোধনে অগ্রগতি দেখাতে পেরেছে বলে দেশগুলোকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এফএটিএফ সাধারণত আর্থিক মানদণ্ড পূরণে ব্যর্থ দেশগুলোকে ‘ধূসর তালিকা’ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ‘কালো তালিকা’য় অন্তর্ভুক্ত করে। এসব তালিকা অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে কাঠামোগত দুর্বলতার ইঙ্গিতবাহী বলে তারা উল্লেখ করে থাকেন।
এফএটিএফ-এর সভাপতি এলিসা ডি আন্দা মাদ্রাজো বলেন, এই চার দেশের বাদ পড়া আফ্রিকা মহাদেশের জন্য একটি ইতিবাচক সংকেত। তিনি জানান, দক্ষিণ আফ্রিকা অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন শনাক্তের ব্যবস্থা শক্তিশালী করেছে, নাইজেরিয়া সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করেছে, মোজাম্বিক আর্থিক গোয়েন্দা তথ্য বিনিময় উন্নত করেছে এবং বুরকিনা ফাসো আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারকি জোরদার করেছে।
দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া ২০২৩ সালে, মোজাম্বিক ২০২২ সালে এবং বুরকিনা ফাসো ২০২১ সালে এফএটিএফ-এর ধূসর তালিকাভুক্ত হয়েছিল।
দক্ষিণ আফ্রিকার রাজস্ব পরিষেবার কমিশনার এডওয়ার্ড কিসওয়েটার এ সাফল্যকে ‘শক্তিশালী ও স্থিতিস্থাপক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার দীর্ঘমেয়াদি যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে মন্তব্য করেন। তবে মোজাম্বিক ও বুরকিনা ফাসোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বর্তমানে এফএটিএফ-এর ‘কালো তালিকা’য় রয়েছে ইরান, মিয়ানমার ও উত্তর কোরিয়া।