চাঁদপুরের ফরিদগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর এলাকায় এই অভিযান চালানো হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী ও ডিবি পুলিশ অভিযান পরিচালনা করেন।
এ সময় খলিল বেপারি নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর গ্রামের বাসিন্দা। তবে এ ঘটনায় দুই মাদক কারবারি পালিয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকদিরামপুর গ্রামের খলিল বেপারির ছেলে আল-আমিন (২৫) ও তার সহযোগী রুবেল হোসেন (২৮) ফজরের নামাজের পর একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসে। পরে আল-আমিনের বাড়ির গোসলখানায় গাঁজাগুলো লুকিয়ে রাখে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে যৌথভাবে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, রুবেল হোসেন এর আগে একটি হত্যা মামলার আসামি ছিলেন। গত ১০ দিন আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর থেকেই আবারও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজী জানান, সকালে ফজরের নামাজের পর এলাকাবাসী জানায়, আল আমিন বিপুল পরিমাণ গাঁজাসহ এলাকায় প্রবেশ করে। পরে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। আমি ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে খবর দেই।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম বলেন, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ডিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করি। তবে মূল মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। আল-আমিনের বাবা খলিল বেপারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।