রাজবাড়ীতে র্যাব পরিচয়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যানে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কাভার্ডভ্যানটিও উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে জুয়েল ওরফে সানি (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের পোশাক পরে ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থেকে ফরিদপুরগামী মুরগিবোঝাই একটি কাভার্ডভ্যান থামায়। পরে কাভার্ডভ্যানের চালক ও সহযোগীকে বেঁধে মাইক্রোবাসে উঠিয়ে কুষ্টিয়ার দিকে নিয়ে যায়। পরে কাভার্ডভ্যানের চালক ও সহযোগীকে কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়। এ সময় কাভার্ডভ্যানটি তারা নিয়ে যায়।
এ ঘটনায় কাভার্ডভ্যানের মালিক পরদিন পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার থেকে জুয়েল ওরফে সানিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে গোপালগঞ্জ থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতি হওয়া কাভার্ডভ্যানটি বরিশালের রূপাতলি থেকে উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, গ্রেপ্তারকৃত আসামি জুয়েল ও লিমনের বিরুদ্ধে ডাকতিসহ মোট ৪টি মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।