দীর্ঘ স্ট্যাটাসে ধোঁয়াশা কাটালেন পূর্ণিমা

স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে স্পষ্ট জবাব দিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন পূর্ণিমা। সেই পোস্টে তিনি স্বামী আশফাকুর রহমান রবিনকেও ট্যাগ দেন। সেই পোস্টে পূর্ণিমা জানান, তার আগের ফেসবুক পোস্টে কোনো ব্যক্তিগত সংকটের ইঙ্গিত ছিল না, বরং জীবনের অভিজ্ঞতার ভাবনাই লিখেছিলেন তিনি। 

পূর্ণিমা লিখেছেন, ‘সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল। এরপর পূর্ণিমা বলেন, ‘আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কমবেশি কাছের-দূরের মানুষ রয়েছে। এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেস করতে হয়েছে। তবে অভিনেত্রীর আক্ষেপ, তার লেখাটি ভুলভাবে ব্যাখ্যা করেছেন অনেকেই।’ 

পূর্ণিমার ভাষায়, ‘লেখাটির কিছু অংশ আগে-পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছে! সেখান থেকে কিছু সংবাদমাধ্যম সত্যতা নিশ্চিত না করে চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা আমাকে বিস্মিত ও মর্মাহত করেছে। আমার দেওয়া স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি।’ 

সর্বশেষে তিনি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু থেকে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি। আশা রাখি, আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে।’