পরিবেশ উপদেষ্টা

প্রতিটি বিভাগে একটি করে নদী দখল-দূষণমুক্ত করা হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের প্রতিটি বিভাগে আগামী ফেব্রুয়ারির আগে একটি করে নদীকে দখল ও দূষণমুক্ত করা হবে। পাশাপাশি ঢাকা শহরের চারটা নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে বিশ্ব ব্যাংকের সঙ্গে যৌথভাবে যে প্রকল্পটা চূড়ান্ত করা হয়েছে, তা ডিসেম্বরে পাস হয়ে যাবে। সে প্রকল্পে পরিবেশের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা নদীতে ‘ধাঁধার চর’ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিন ভোরে নদীপথে শুরু হয় দিনব্যাপী এই আয়োজনের যাত্রা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ঘাট থেকে একটি জাহাজ নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের মোহনায় জেগে ওঠা ধাধার চরের উদ্দেশ্যে যাত্রা করে নদী প্রেমীরা। শুরু থেকেই অংশ নিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান।

আলোচনায় অংশ নিয়ে উপদেষ্টা আরও বলেন, সেন্টমার্টিনে রাতে থাকা নিষেধ করার পর এটা নিয়ে নানা অপপ্রচার করা হয়েছে। কিন্তু লোকজন এখন সেখানে গিয়ে মুগ্ধ হচ্ছেন। সেখানে কোরালের কালো দাগ কেটে গিয়ে কোরাল নতুন করে জন্ম নিয়েছে। ওখানে কেয়া বন ফেরত এসেছে।

এ সময় উপদেষ্টা আরো বলেন, পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান হচ্ছে। এখন আপনি সুপার মার্কেটে গিয়ে আর পলিথিন পাবেন না।

উপদেষ্টা ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বলেন, এখন আপনি একজন একজন করে নদী দূষণকারীকে ধরে ধরে ব্যবস্থা নেবেন? নাকি নদী যারা দূষণ করে তাদের একটা সেন্ট্রালি ইটিপির আওতায় আনবেন? নাকি তাদের কয়েকজনকে বন্ধ করে দিবেন? এই সবগুলা অপশন নিয়েই আপনাকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের নজরদারি বাড়ানোর পাশাপাশি শিল্প মালিকদেরও দায়িত্ব নিতে হবে। আর কেবল শিল্প দূষণ বন্ধ করলে হবে না, আমরা তো এখন একটা বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি নাই। আপনার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, শিল্প দূষণ ব্যবস্থাপনা, সবকিছু যখন একসাথে কাজ করবে তখনই আমরা পরিবেশটাকে বাঁচাতে পারব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুইডেন অ্যাম্বাসির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান, ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাস্সির হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।