গত শুক্রবার জুমার নামাজের পর ইসকন নিষিদ্ধের মিছিল-সমাবেশে ডামি রাইফেল প্রদর্শন করার অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। শুক্রবার বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে ডামি রাইফেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, মিছিল ও সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মুজাহিদ।
গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তুরাগ থানা পুলিশের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন মিলে তুরাগ থানাধীন খালপাড় পুলিশ বক্সের পাশে পাকা রাস্তায় গণজমায়েত করে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘিœত করার চেষ্টা করছে। এই সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
ডিসি তালেবুর রহমান জানান, পরে স্থানীয়দের মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে তুরাগ থানা পুলিশ। শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল মুজাহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে।