হুন্ডি, বেটিং এবং মানি লন্ডারিংয়ের মতো আর্থিক অপরাধ প্রতিরোধে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য সারা দেশের সব ডিস্ট্রিবিউটরদের নিয়ে ঢাকা, খুলনা, বগুড়া ও কুমিল্লায় সম্প্রতি পৃথক চারটি সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে বিকাশ। ডিস্ট্রিবিউটরদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালাগুলোতে দেশ জুড়ে বিস্তৃত এজেন্ট নেটওয়ার্ক পরিচালনায় তাদের আর্থিক লেনদেনে সঠিক তথ্য নিশ্চিতকরণ, টাকার উৎসের সচেতনতা, সন্দেহজনক লেনদেনের রিপোর্টিং, নিয়মিত তথ্য হালনাগাদ, কর্মকর্তাদের পর্যবেক্ষণ, নন-কমপ্লায়েন্ট এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
সব শ্রেণির মানুষের কাছে বিকাশের সেবা সহজলভ্য করে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিকাশ এজেন্ট নেটওয়ার্ক। বিকাশের চ্যানেল পার্টনার হিসেবে সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় ৩ লাখ ৫০ হাজারের বেশি এজেন্ট নিয়ে গড়ে ওঠা এই শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনার দায়িত্ব পালন করে ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানগুলো। তারা শুধু এজেন্টদের ব্যবসা পরিচালনা তদারকিই নয় বরং তাদের প্রশিক্ষণ, লেনদেনের সঠিকতা, প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহক সেবার মান নিশ্চিত করতে নিয়মিত সহায়তা ও নির্দেশনা দিয়ে থাকে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ডিস্ট্রিবিউটররা কীভাবে কমপ্লায়েন্স মেনে ব্যবসা করে ঝুঁকিমুক্ত থেকেছেন সেসব অভিজ্ঞতা শেয়ার করেন। কমপ্লায়েন্স মেনে চলার ক্ষেত্রে প্রতিনিয়ত বিকাশের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়, তা ব্যবসার জন্য সুবিধাজনক বলেও উল্লেখ করেন তারা। এ সময় হুন্ডি, বেটিং এবং মানি লন্ডারিং প্রতিরোধে নজরদারি বাড়ানো, যথাযথ সময়ে রিপোর্টিং এবং সবার মধ্যে সচেতনতা তৈরিতে জোর দেওয়া হয়।