মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি নারী

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছেনুয়ারা বেগম স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে হোয়াইক্যংয়ের একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ছেনুয়ারার স্বামী আক্তার হোসেন বলেন, ‘বাড়ি ফেরার পথে হঠাৎ আমার স্ত্রীর পায়ে গুলি লাগে। বর্তমানে কক্সবাজারে তার চিকিৎসা চলছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘গুলি লাগার খবরটি সঠিক। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যেন সীমান্ত এলাকায় মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে।’

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত কয়েক দিন ধরে মিয়ানমারের ওপারে মংডু জেলার ঢেকুবনিয়া এলাকা থেকে মাঝে মাঝে গুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের ওপারে আরাকান আর্মি ও রোহিঙ্গা গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে বলে সূত্র জানিয়েছে।

অন্যদিকে বিজিবির এক দায়িত্বশীল সূত্রও মিয়ানমারের ভেতরে গোলাগুলি এবং বাংলাদেশ সীমান্তে এক নারীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সীমান্তে নজরদারি জোরদার করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।