স্পষ্ট করল বিজিবি

দুদকে ডিজির বিষয়ে কোনো অনুসন্ধান চলছে না

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্পষ্ট করে জানিয়েছে, মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ কোনো অনুসন্ধান চলছে না। সম্প্রতি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে ডিজি ও আরও কয়েকজন সেনা কর্মকর্তার নাম উল্লেখ করে অনুসন্ধানের দাবি করা হয়েছিল, যা বিজিবি ‘মনগড়া, বানোয়াট এবং ভিত্তিহীন’ হিসেবে অভিহিত করেছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে বিজিবি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছে, Dhakatruth.com নামের একটি অনলাইন পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘বিজিবি ডিজিসহ ৯ সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিজিবি বলেছে, এতে যে তথ্য উঠে এসেছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

পোস্টে আরও বলা হয়, প্রকাশিত অভিযোগের সত্যতা যাচাই করতে দুদকের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছে এবং জানা গেছে, ডিজি সংক্রান্ত কোনো তদন্ত চলমান নেই। এছাড়া অন্যান্য অভিযোগও প্রমাণিত নয় এবং এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। বিজিবি জানিয়েছে, ডিজি ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ ও দায়িত্বশীল, কোনো অনৈতিক কার্যকলাপকে অনুমোদন দেন না।

বিজিবি মনে করছে, এই ধরনের ভুল তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ জনমনে ভুল ধারণা তৈরি করার পাশাপাশি বাহিনীর সুনাম নষ্ট করার চেষ্টা। তাই ভবিষ্যতে সাংবাদিকদের দায়িত্বশীলতা বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়েছে এবং জাতীয় স্বার্থের পরিপন্থী তথ্যবিকৃতি থেকে বিরত থাকার অনুরোধ করেছে বিজিবি।